আদ্-দ্বীনে সেবা বন্ধ, নির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে কামাল মিয়ার মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে সেবা বন্ধ থাকায় পূর্বনির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে মৃত কামাল মিয়া (৫০) একজনের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর খিলগাঁও থানার আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা।
শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কামাল মিয়া দীর্ঘদিন আদ্-দ্বীন হাসপাতালে ডায়ালাইসিস সেবা নিয়ে আসছিলেন। আজ শনিবার তার পূর্বনির্ধারিত শিডিউল ছিল হাসপাতালটিতে। আদ্-দ্বীনের সেবা কার্যক্রম বন্ধ থাকার পরও পূর্বনির্ধারিত শিডিউল হওয়ায় সেখানে যোগাযোগ করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা বন্ধ থাকার বিষয়টি জানিয়ে সরকারনির্ধারিত ৬ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। তবে অন্য হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
কামাল মিয়ার স্ত্রীর আত্মীয় ফাতেমা তুজ জোহরা জানান, মরহুম কামাল মিয়া এবং তাঁর শ্যালক দুজনেই আদ-দ্বীন হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য আদ-দ্বীন হাসপাতালটি ছিল আশীর্বাদের মতো। আজ ঢাকার অন্য কোনো কর্পোরেট হাসপাতালে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে ডায়ালাইসিস করানোর মতো সামর্থ্য এই পরিবারের ছিল না। চোখের জল মুছতে মুছতে কামালের স্ত্রী এখন একটাই প্রশ্ন করছেন—টাকার অভাব আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের জেদের কারণে অকালে চলে গেল তাঁর স্বামী। এই মৃত্যুর দায় এখন কে নেবে? লাইসেন্স বাতিলের নামে একটি চালু হাসপাতাল বন্ধ করে দিয়ে গরিবের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার এই নিষ্ঠুর সিদ্ধান্ত কি আক্ষরিক অর্থেই একটি হত্যাকাণ্ড নয়?