নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ২৭ জনের নামে মামলা

নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ২৭ জনের নামে মামলা

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিল করার অভিযোগে কার্যক্রমনিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সেই সঙ্গে আরো দেড়শ জনকে অজ্ঞাতপরিচয়ে আসামি করা হয়েছ। 

শনিবার (১৩ জুন) দুপুরে পুলিশের এসআই মশিউর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) ও মো. আফজাল হোসেনকে (১৯) গ্রেফতার দেখানো হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, শুক্রবার দুপুরে আদর্শনগর এলাকায় তানিন কুঞ্জ সড়কে সরকারবিরোধী মিছিল করার সময় ধাওয়া করা হয়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় দুইজনকে আটক করে পুলিশ। এরপর গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। 

গ্রেফতার আসামিরা আরো জানায়, ফতুল্লা আসনের সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের প্ররোচনায় আরো অজ্ঞাতনামা সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা, পরিচালনায় সহায়তা দিয়ে আসছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সন্ত্রাস প্রতিরোধ আইনে মামলা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।