পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে ঝড়বৃষ্টিতে শিশুসহ নিহত ৭
ছবিঃ সংগৃহীত।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন।
রবিবার (১৪ জুন) প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) নিশ্চিত করেছে এই তথ্য।
নিহতদের মধ্যে দুইজন শিশু, চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। প্রদেশের বান্নু, শাংলা এবং মানসেহরা জেলা থেকে পাওয়া গেছে এসব হতাহতের খবর।
পিডিএমএর প্রকাশিত প্রাথমিক ক্ষয়ক্ষতি সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল ঝড়ো হাওয়া এবং ভারি বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় ঘরবাড়ির দেয়াল ও ছাদ ধসে পড়ে হতাহতের এসব ঘটনা ঘটে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে একই ধরনের দুর্ঘটনায় দুইজন নিহত হন। এ ছাড়া নারী ও শিশুসহ আরও ৩১ জন আহত হয়েছিলেন।