বগুড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী শুরু
সংগৃহীত ছবি
‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
রবিবার সকালে বগুড়া জিলা স্কুল অডিটোরিয়াম প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাদের ছোট ছোট উদ্ভাবন ও সৃজনশীল উদ্যোগই ভবিষ্যতের উন্নত বাংলাদেশের ভিত্তি তৈরি করবে। তিনি শিক্ষার্থীদের নতুন চিন্তা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং সরকারি শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক মো. মাকসুদুল আলম।
প্রদর্শনীতে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জিলা স্কুল অডিটোরিয়াম প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার মডেল প্রদর্শন করে।
পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি তাদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও নতুন উদ্ভাবনে উৎসাহ দেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নতুন ধারণা ও উদ্ভাবনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেও এটি সহায়ক হবে।