দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জের ‘ব্রাজিল বাড়ি’
সংগৃহীত
ফুটবল বিশ্বকাপকে ঘিরে পুরো দেশ এখন উৎসবমুখর। নিজ দলের প্রতি সমর্থন আর ভালোবাসার প্রকাশ হিসেবে অনেকেই নানা উদ্যোগ নিচ্ছেন। তবে সিরাজগঞ্জে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন এক ব্রাজিল ভক্ত। প্রিয় দল ব্রাজিলের পতাকার রঙে তিনি নিজের দোতলা বাড়িটি রাঙিয়েছেন।
শহরের মোক্তারপাড়া এলাকার পরিবহন ব্যবসায়ী লিটন সরকার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তার এই বাড়িটি এখন ওই এলাকায় ‘ব্রাজিল বাড়ি’ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে।
বাড়িটির পুরোটাই হলুদ আর সবুজ রঙে রাঙিয়ে তোলা হয়েছে। সবগুলো দেয়ালজুড়ে শোভা পাচ্ছে ব্রাজিলের পতাকা। শুধু বাইরের অংশই নয়, ভেতরের সিঁড়ির দুপাশেও আঁকা হয়েছে এই পতাকা। তবে বাড়ির প্রধান ফটকটি সাজানো হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকার আদলে। এছাড়া নিজের দোতলা বাড়ি রাঙানোর পাশাপাশি লিটন সরকার পুরো এলাকাজুড়েও ব্রাজিলের পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন।
ব্রাজিল বাড়ির মালিক লিটন সরকার বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলার প্রতি আমার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই দোতলা বাড়ির পুরোটাই হলুদ আর সবুজে রাঙিয়ে তুলেছি। প্রতিদিন দূরদূরান্ত থেকে আমার এই বাড়িটি দেখতে ভক্ত ও সমর্থকরা আসছেন। বিষয়টি আমার খুব ভালো লাগে।’
বাড়িটি এখন শুধু ব্রাজিল সমর্থকদেরই নয়, সাধারণ মানুষেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা বাড়িটি দেখতে ভিড় করছেন। অনেকেই বাড়িটির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন এবং নিজ দলের প্রতি এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করছেন।