সংসদে হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
সংগৃহীত
জাতীয় সংসদে সরকারদলীয় এমপি মনিরুল হক কর্তৃক হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।
রবিবার (১৪ জুন) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে উক্ত বিক্ষোভ মিছিল আয়োজিত হয়।
এসময় তারা 'পর্দা মায়ের অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার', 'হিজাব নিকাব বিদ্বেষ, রুখে দাও বাংলাদেশ', 'ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান'—এমন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে হিজাব নিয়ে এমন মন্তব্যকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে মন্তব্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মুখে ব্যক্তিস্বাধীনতার কথা বলে তারা হিজাবের বেলায় তা অস্বীকার করে। এমন ইসলামবিদ্বেষীদের কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে না বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।
শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, "যে বিএনপি আগে মজলুম ছিল, সেই বিএনপি আজ ক্ষমতা পেয়ে ইসলামবিদ্বেষী রূপে আবির্ভূত হয়েছে। বিএনপি আপাদমস্তক ইসলামবিদ্বেষী, হিজাববিদ্বেষী রূপ ধারণ করেছে। আপনারা আজকে সংসদে দেখেছেন মনিরুল হক কীভাবে কটূক্তি করেছেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পক্ষ থেকে এই কটূক্তির তীব্র নিন্দা জানাই।"
শাখা ছাত্রশিবির সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, “মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বোরকা ও হিজাব নিয়ে কটূক্তি করেছেন। ইসলামী ছাত্রশিবির এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। নির্বাচনের আগে আপনারা বলেছিলেন, মদিনার সনদের আদলে রাষ্ট্র পরিচালনা করবেন। মাথায় টুপি পরে দেশের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের কথা বলেছেন। কিন্তু আজ আমরা দেখছি, জাতীয় সংসদে গিয়ে আপনারাই ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে আপনারাই বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মব্যবসায়ীতে পরিণত হয়েছেন। মনিরুল হক চৌধুরী তার বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমরা ধরে নেব, এটি শুধু তার ব্যক্তিগত বক্তব্য নয়, বরং বিএনপির অবস্থানেরই প্রতিফলন।”