নিখোঁজের পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

রাজবাড়ীর কালুখালীর বিলমানুষমারি গ্রামে পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামে এব যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ। এর আগে রবিবার ১০ টার দিকে আসাদুল মন্ডলের নিখোঁজের বিষয়টি থানায় অবগত করেন তার পরিবার।

আসাদুল ইসলাম বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।

সে মীর মশাররফ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও জামায়াতে ইসলামীর কর্মী বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলিমুজ্জামান।

জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয় হয় আসাদুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে রাত ১০ টার দিকে স্থানীয় থানা পুলিশকে নিখোঁজের বিষয়টি অবগত করা হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, সকালে পাটক্ষেতে থেকে নিখোঁজ হওয়া আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। আসাদুলকে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আসাদুলের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।