জমি নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

প্রতিকি ছবি

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মামুন হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মামুনের সঙ্গে তার চাচাতো মামা ও পরিবারের অন্য সদস্যদের বিরোধ চলছিল।

সম্প্রতি এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

নিহতের পরিবারের দাবি, মামুন তার চাচাতো ভাইয়ের কাছ থেকে একটি জমি কিনেছিলেন। তবে জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বারবার তাগিদ দিলেও তা সম্পন্ন করা হয়নি। এ নিয়ে বিরোধের একপর্যায়ে তার ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

মামুনের মা বলেন, জমি রেজিস্ট্রি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং সাম্প্রতিক হামলার ঘটনায় তার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ন্যায়বিচারের আশায় স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো কার্যকর সমাধান হয়নি

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিমান ও হতাশা থেকে একপর্যায়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মামুন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মামুন হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে