যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার ঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এই দুর্ঘটনায় বিমানে থাকা আটজন নিহত হয়েছেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দুর্ঘটনার পর মরুভূমির মধ্যে আকামে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। এতে বোঝা যাচ্ছে, দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল।
বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা সাধারণত পাঁচজন ক্রু নিয়ে পরিচালিত হয়। এটি প্রথম ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এই বিমানে সর্বোচ্চ প্রায় ৭০ হাজার পাউন্ড (প্রায় ৩১ হাজার ৭৫০ কেজি) পর্যন্ত অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে।
এই বোমারু বিমানটি প্রচলিত ও পারমাণবিক—উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে উপসাগরীয় যুদ্ধ, ইরাক, আফগানিস্তান এবং সাম্প্রতিক ইরান-সংক্রান্ত সংঘাতেও এই বিমান ব্যবহার করা হয়েছে।
এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসটি লস অ্যাঞ্জেলেসের প্রায় ১০০ মাইল (১৬১ কিলোমিটার) উত্তরে একটি বিশাল মরুভূমি এলাকায় অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বড় বিমান ঘাঁটিগুলোর একটি, যেখানে প্রায় ১০ হাজার সামরিক সদস্য, ঠিকাদার ও বেসামরিক কর্মী কাজ করেন।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের আকাশে একটি বাণিজ্যিক বিমানের পাইলট মাঝআকাশে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হঠাৎ মোড় নিতে বাধ্য হয়েছিলেন। কারণ তার পথে একটি বি-৫২ বোমারু বিমান চলে এসেছিল।
প্রতিটি বি-৫২ বিমানের আনুমানিক মূল্য প্রায় ১১০ মিলিয়ন ডলার। দুর্ঘটনায় বিমানটির ক্ষয়ক্ষতি এবং পুরো ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।