বিদেশে চাকরির প্রলোভন, মুক্তিপণ আদায়ের অভিযোগে সৌদিপ্রবাসী আটক
ফাইল ছবি
বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং ভুক্তভোগীদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে সৌদি প্রবাসী খসরু পারভেজ ভূঁইয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে নেত্রকোনার মদন থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার থানেশ্বর এলাকায় একটি সালিশ বৈঠক থেকে তাকে আটক করা হয়। খসরু পারভেজ ভূঁইয়া ইটনা উপজেলার থানেশ্বর গ্রামের বাসিন্দা।
মামলার তথ্য অনুযায়ী, নেত্রকোনার মদন উপজেলার মোহন মিয়া গত ৯ জুন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় খসরুসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, উচ্চ বেতনের চাকরির আশ্বাসে গত বছরের ২২ জানুয়ারি তাকে সৌদি আরবে পাঠানো হলেও সেখানে প্রতিশ্রুত কাজ পাননি। পরে তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জিম্মি করে অতিরিক্ত অর্থ দাবি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, সৌদি আরবে পাঠানোর জন্য আগে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা নেয়া হলেও পরবর্তীতে তাকে জিম্মি করে আরও ১১ লাখ টাকা আদায় করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, খসরু দীর্ঘদিন ধরে তার বড় ভাইয়ের সহযোগিতায় সৌদি আরবে লাইসেন্সবিহীনভাবে জনশক্তি পাঠানোর নামে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন ভুক্তভোগী মঙ্গলবার মদন থানায় এসে অভিযোগ জানান।
মদন থানার ওসি মো. সালাউদ্দীন করিম বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩ অনুযায়ী অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।