একসঙ্গে ৩ কিংবদন্তিকে পেছনে ফেললেন এমবাপ্পে

একসঙ্গে ৩ কিংবদন্তিকে পেছনে ফেললেন এমবাপ্পে

সংগৃহীত ছবি

প্রতিভার পরিচয় অনেক আগেই দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এখন শুধুই পদচিহ্ন রেখে যাওয়ার পালা।

সেই কাজও সুনিপুণভাবে করে যাচ্ছেন। ২৭ বছর বয়সেই তো নিজেকে এমন এক পর্যায়ে নিয়েছেন যেখানে অনেকে ক্যারিয়ার শেষেও পৌঁছাতে পারেন না। স্বপ্ন স্বপ্নই থেকে যায় তাদের।

তাই ম্যাচে নামলে কিংবা গোল করলেই কোনো না কোনো রেকর্ড গড়ে বসেন এমবাপ্পে।

আজ যেমন নিউ জার্সি/নিউ ইয়র্ক স্টেডিয়ামে রেকর্ড গড়লেন। তাতে একসঙ্গে তিন কিংবদন্তিকে পেছনে ফেললেন তিনি। সেই তিন কিংবদন্তি হচ্ছেন-অলিভিয়ের জিরু, জা ফঁতে ও লিওনেল মেসি।

সেনেগালের বিপক্ষে জোড়া গোলের প্রথমটিতে তিন কিংবদন্তির পাশে বসেন এমবাপ্পে।

বসার সুযোগ পেয়ে পরে দ্বিতীয় গোলে সবাইকে ছাড়িয়ে যান ফ্রান্সের অধিনায়ক। ফঁতে-মেসির কীর্তিটা বিশ্বকাপের। সর্বোচ্চ গোলের তালিকায় এতদিন ১৩ গোল নিয়ে তিনে ছিলেন দুজনই। আজ দুজনকে চারে ঠেলে তিনে ওঠেন এমবাপ্পে। 

বিশ্বকাপে এখন ১৪ গোল এমবাপ্পের।

মেসি-ফঁতেকে পেছনে ফেললেও তার সামনে আছেন আরও দুই কিংবদন্তি। ১৫ গোল নিয়ে দুইয়ে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। বিপরীতে ১৬ গোলে চূড়ায় জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। দুজনকেই পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার।

অন্যদিকে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হয়েছেন এমবাপ্পে। এতদিন ৫৭ গোল নিয়ে চূড়ায় ছিলেন জিরু। আজ জোড়া গোল করে সাবেক সতীর্থকে পেছনে ফেললেন তিনি। ৫৮ গোলের সংখ্যা এখন তরতারিয়ে বাড়িয়ে নেওয়ার পালা তার।