আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আবাসিক হল থেকে মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে রাত ৮টার পর থেকে স্থানীয় লোকজন শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে জড়ো হতে থাকেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা প্রতিষ্ঠানের প্রধান ফটকে ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হত্যার অভিযোগ তুলে স্থানীয়রা শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।