সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও তিন শিশুর
প্রতিকি ছবি
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে।
মারা যাওয়া শিশুরা হলো— সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর গ্রামের রুমেন মিয়ার ছেলে রাইয়ান (৬ মাস), ছাতক উপজেলার আঙুর মিয়ার ছেলে তাওসিফ ইসলাম (৫ মাস) এবং সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের মিনহাজের মেয়ে আমায়রা জান্নাত (৭ মাস)।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫৬ জন শিশু ভর্তি হয়েছে।
সব মিলিয়ে বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানানো হচ্ছে।