বরিশালে অটোরিকশাচালক হত্যা মামলার আসামিদের বাড়িতে আগুন

বরিশালে অটোরিকশাচালক হত্যা মামলার আসামিদের বাড়িতে আগুন

সংগৃহীত ছবি

বরিশালে অটোরিকশাচালক নাজমুল হোসেন হত্যা মামলায় একই পরিবারের তিন সদস্যসহ চারজনকে গ্রেফতারের পর অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে নগরীর হরিণফুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ১৫ জুন নগরীর কালিজিরা তেমাথা সংলগ্ন নদী থেকে অটোরিকশাচালক নাজমুল হোসেনের (১৯) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ মোল্লা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।

এয়ারপোর্ট থানার ওসি মো. মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুইদিনের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ঝালকাঠির নলছিটি উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা রুস্তম আলী খানের ছেলে ও নিহত নাজমুলের ভগ্নিপতি সাইফুল ইসলাম (৩৮), বরিশাল নগরীর হরিণফুলিয়া এলাকার মৃত ইউনুস হাওলাদারের স্ত্রী ফরিদা বেগম (৬০), তার ছেলে মিরাজ হোসেন শুভ (৩২) ও আরেক ছেলে রিয়াজ হোসেনের স্ত্রী কামরুন্নাহার শিল্পী (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে একটি অটোরিকশার সূত্র ধরে মিরাজ হোসেন শুভকে র‌্যাব-৮ সদস্যরা গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশার বিষয়ে তথ্য দেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ফাঁসির দড়ি ও রক্তমাখা একটি লুঙ্গি উদ্ধার করা হয়। তবে মামলার আরেক অভিযুক্ত ইমরানকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বসতঘরে আগুন দেয়। আগুনে ঘরটি পুড়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘরে থাকা ফরিদা বেগম ও শিল্পীকে গ্রেফতার করে।

নিহতের বাবা আব্দুর রশিদ মোল্লা বলেন, ‘কী কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে তা এখনো জানি না। তবে হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি পুড়ে যায়।

উল্লেখ্য, গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন নাজমুল হোসেন। পরে ১৫ জুন সকালে কালিজিরা তেমাথা সংলগ্ন নদী থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।