চিকিৎসা-জনিত ভ্রমন : নতুন বাজারের সন্ধানে ভারতীয় হাসপাতাল

চিকিৎসা-জনিত ভ্রমন : নতুন বাজারের সন্ধানে ভারতীয় হাসপাতাল

ফাইল ছবি

বহু বছর ধরে বাংলাদেশ ভারতীয় চিকিৎসা-জনিত ভ্রমন বাজারের অন্যতম বড় অংশীদার ছিল। ভারতীয় সরকারি সূত্র মতে ২০২৪ সালে ৪ লক্ষ ৮২ হাজার ৩ শত ৩৬ জন বাংলাদেশী ভারতে চিকিৎসা গ্রহন করতে গিয়েছিল, যা ছিল সর্বমোট ৬ লক্ষ ৪৪ হাজার ৩ শত ৮৭ জন আন্তর্জাতিক রোগীর প্রায় তিন-চতুর্থাংশ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর পতিত প্রধান মন্ত্রীসহ উচ্চ পদস্থ রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বেসামরিক প্রশাসনের সাথে সংশ্লিষ্টদের ভারতে আশ্রয় গ্রহন ভারত-বাংলাদেশ সম্পর্কে টানা-পোড়ন তৈরী করে। এর সাথে যোগ হয় ভারত কর্তৃক ভিসা প্রদান সীমিত করা। ফলে বাংলাদেশ থেকে চিকিৎসার জনিত ভারত গমন কমে যায় উল্লেখজনক ভাবে। ২০২৫ সালে বাংলাদেশ থেকে ভারতে গমন করে ৩ লক্ষ ২৫ হাজার ১ শত ২৭ জন। এর ফলে কোলকাতা, চেন্নাই ও অনান্য শহরের হাসপাতলগুলো বিপাকে পড়ে যায়।

ভারতের ফরটিস হেলথ কেয়ারের রীতু গার্গ বলেন, বাংলাদেশ থেকে রুগী আসার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করেছি। যদিও বাংলাদেশ আমাদের মূল বাজার, সাম্প্রতিক সময়ে আমরা আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের জন্য কাজ করছি যেন আমরা বিভিন্ন ভৌগলিক অবস্থানের রোগীদের মাঝে যথাযথ মিশ্রন ঘটাতে পারি। এ্যাপোলে হাসপাতালের একজন মুখপাত্রও জানাচ্ছেন বাংলাদেশ থেকে রোগীর আসার একই প্রবণতর কথা এবং তাদের বাজার সম্প্রসারণের বিকল্পের সন্ধানের প্রচেষ্টা।

নতুন বাজারের সন্ধানে ভারতীয় চোখ মধ্য এশিয়ার উজবেকিস্থান, কাজাকিস্তান, কার্গিস্থান, তাজাকিস্থান ও তুর্কিমেনিস্থানের দিকে। সহজ যোগাযোগ ব্যবস্থার কারনে বিশেষায়িত ও অতি-বিশেষায়িত সেবা যেমন ক্যান্সার, হৃদরোগের অস্ত্রপচার, অঙ্গঁ প্রতিস্থাপন ও জটিল মস্তিৃক ও হাড়গোড়ের অস্ত্রপচার ইত্যাদির জন্য এসব দেশের রুগীদের আগ্রহ ভারতের প্রতি। একই সাথে আফ্রিকার দিকেও দৃষ্টি প্রসারিত করছে ভারত। কেনিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, ইথিওপিয়া, উগান্ডা, জাম্বিয়াতে ভারতীয় চিকিৎসার প্রতি আকর্ষণ বাড়ছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কোন কোন দেশের তুলনায় স্বল্প খরচ, সহজ যোগাযোগ ব্যবস্থা, কম অপেক্ষা সময়, সহজে চিকিৎসা প্রাপ্তি ইত্যাদি কারনে মধ্য এশিয়া ও আফ্রিকার দেশ গুলো ভারতের প্রতি আকৃষ্ট হচ্ছে।

ভারতীয়রা মনে করছেন মধ্যএশিয়া ও আফ্রিকার উল্লেখিত দেশ সমূহে স্বাস্থ্য সেবার উচ্চ সচেতনা ও উচ্চ মানের চিকিৎসা সেবার বিপুল চাহিদা রয়েছে। বিদেশে চিকিৎসা সেবা গ্রহনের আগ্রহও বাড়ছে। ফলে ভারতীয় হাসপাতাল সমূহ এই বাজার ধরার জন্য কৌশল প্রণয়ন করছে।

ডা. মুহাম্মদ আব্দুস সবুর