কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
ফাইল ছবি
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিফাত মন্ডল (১৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের লিখন মন্ডলের ছেলে।
জানা গেছে, গত ১২ জুন সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া এলাকায় একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিফাত মন্ডলসহ মোট ছয়জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দ্রেবত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিফাত মন্ডল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।