কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি আসামির মৃত্যু

কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি আসামির মৃত্যু

প্রতিকি ছবি

ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা আসামি শহিদুল্লাহ রাসেল (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারা পুলিশের তত্ত্বাবধানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান।

মৃত শহিদুল্লাহ রাসেল কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি খন্দকার বাড়ির আবুল হাসেমের ছেলে।

জানা যায়, গত ১০ মে বিকালে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড়া গ্রাম থেকে ১০২ পিস ইয়াবাসহ রাসেলকে গ্রেপ্তার করে লালমাই থানা পুলিশ। পরদিন ১১ মে আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় তিনি কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বুধবার সকাল ৯টায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, রাসেল কারাগারে আসার আগ থেকেই নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। পূর্ববর্তী চিকিৎসা নথির আলোকে কারা চিকিৎসকেরা তার চিকিৎসা নিশ্চিত করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্ডিয়াক শকে রাসেলের মৃত্যু হয়। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।