জেনে নিন কাঁচা কাঁঠাল দিয়ে বার্গারের পেটি তৈরির রেসিপি
ছবিঃ সংগৃহীত।
কাঁচা কাঁঠাল এমন একটি উপাদান, যা শুধু তরকারি বা ভর্তা নয়-আধুনিক ফিউশন রান্নাতেও দারুণভাবে ব্যবহার করা যায়।বিশেষ করে যারা নিরামিষ খাবার পছন্দ করেন বা নতুন কিছু ট্রাই করতে চান, তাদের জন্য কাঁচা কাঁঠালের বার্গার পেটি হতে পারে একেবারে পারফেক্ট বিকল্প।
এর বাইরের অংশ ক্রিসপি, ভেতরে নরম ও সুস্বাদু টেক্সচার-সব মিলিয়ে এটি বার্গারের জন্য একটি অসাধারণ প্ল্যান্ট-বেসড পেটি হিসেবে কাজ করে। চলুন জেনে নেওয়া যাক সহজ পদ্ধতিতে কীভাবে ঘরেই তৈরি করবেন কাঁচা কাঁঠালের বার্গার পেটি।
উপকরণ
কাঁচা কাঁঠাল (সেদ্ধ ও কুচি করা)
সিদ্ধ আলু
পেঁয়াজ কুচি
রসুন বাটা
কাঁচামরিচ কুচি
আদা বাটা
লবণ
গোলমরিচ গুঁড়া
জিরা গুঁড়া
ধনেপাতা কুচি
ব্রেডক্রাম্ব বা কর্নফ্লাওয়ার
তেল (ভাজার জন্য)
যেভাবে তৈরি করবেন
প্রথমে কাঁচা কাঁঠাল ভালোভাবে সিদ্ধ করে নিন এবং ঠান্ডা হলে হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে চটকে নিন। এতে যেন কোনো বড় দানা না থাকে।
এরপর এতে সেদ্ধ আলু যোগ করে মিশিয়ে নিন, যা পেটিকে বাইন্ড করতে সাহায্য করবে। তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা মরিচ, লবণ, গোলমরিচ গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা কুচিও যোগ করুন।
মিশ্রণটি যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে, তখন অল্প অল্প করে হাতে নিয়ে গোল বা চ্যাপ্টা আকারে পেটি তৈরি করুন। চাইলে বাইরের দিকে ব্রেডক্রাম্ব বা কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে পারেন, এতে ভাজার পর সুন্দর ক্রিসপি টেক্সচার আসবে। এবার চুলায় একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে এলে পেটিগুলো দিয়ে মাঝারি আঁচে দুই পাশ সোনালি না হওয়া পর্যন্ত ভেজে নিন।
পরিবেশন পদ্ধতি
গরম গরম কাঁচা কাঁঠালের পেটি বার্গার বানিয়ে পরিবেশন করুন। বান, সস, সালাদ পাতা, টমেটো ও পেঁয়াজের সঙ্গে এটি খেতে দারুণ লাগে। চাইলে মেয়োনিজ বা চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন।