পঞ্চগড়ে সাত লাখ জাল টাকাসহ আটক ৭

পঞ্চগড়ে সাত লাখ জাল টাকাসহ আটক ৭

প্রতিকি ছবি

পঞ্চগড়ের আটোয়ারীতে সাত লাখ জাল টাকাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে চঞ্চল মিয়া (৩২) গত বৃহস্পতিবার জাল টাকাসহ ধরা পরে। পুলিশ চঞ্চলের দেওয়া তথ্যমতে পাশের ঠাকুরগাঁও শহরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে জরুরি অভিযান পরিচালনা করে।

এসময় ৭ লাখ ২৮ হাজার ৫০০ জাল টাকা ও ১ লাখ ২৮ হাজার ৫০০ অরিজিনাল টাকাসহ জাল টাকা চক্রের একাধিক হোতাকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দুদাল এলাকার আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন (৪০), মাদারীপুর শিবচর উপজেলার মাদবর চর এলাকার ইউনুস শেখের ছেলে এমরান শেখ (৪৮), বাগেরহাট রামপাল উপজেলার কাশিপুর এলাকার মাহামুদুল হকের ছেলে শেখ নাছিম (২৮), ফরিদপুর ভাঙ্গা উপজেলার শিংগাদাগ এলাকার নুরুল আমিন খাঁনের ছেলে সোহেল খাঁন (২৮), ঢাকা কেরানীগঞ্জ পূর্ব মুগারচর এলাকার মৃত আলী আকবর মাস্টারের ছেলে রুহুল আমিন (৫২) ও কুমিল্লা দ্বেবিদার উপজেলার মারিচা এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে ইসমাইল হোসেন (৩২)।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মো. আবু সাইমের পরামর্শক্রমে টানা কয়েক ঘণ্টা অভিযান পরিচালনা করে জাল টাকা প্রস্তুতকারী একটি বড় চক্রকে আটক করতে সক্ষম হয়েছি। পরে তাদের নামে প্রচলিত আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছি।