টেকসই নির্মাণ ভাবনায় চুয়েটে শিক্ষার্থী ও গবেষকদের মিলনমেলা

টেকসই নির্মাণ ভাবনায় চুয়েটে শিক্ষার্থী ও গবেষকদের মিলনমেলা

সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়ে গেল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল শিক্ষার্থীদের মিলনমেলা। শুক্রবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

চুয়েট ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, গবেষক ও বিভিন্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের পদচারণায় মুখরিত ছিল চুয়েট ক্যাম্পাস।

দিনের শুরুতে অনুষ্ঠিত হয় কুইজ ও বিজনেস কেস প্রতিযোগিতা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে নিজেদের জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতার পরীক্ষা দেন। একই সঙ্গে নির্মাণ খাতে টেকসই উন্নয়ন নিয়ে মত তুলে ধরেন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দুপুর ১২ টার দিকে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভুইয়া, চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রিয়াজ আকতার মল্লিক, এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি তারেক উদ্দিন ও সম্পাদক অধ্যাপক রুপক মাতসুদ্দি, এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক ও চুয়েট এসিআই এর অনুষদ উপদেষ্টা অধ্যাপক জিএম সাদিকুল ইসলাম। এসময় তাদের আলোচনায় উঠে আসে দেশের নির্মাণ শিল্পের বর্তমান বাস্তবতা, প্রযুক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ। 

প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য বলেন, বাস্তব অভিজ্ঞতা, গবেষণা ও শিল্পখাতের সঙ্গে সংযোগের মাধ্যমেই একজন দক্ষ প্রকৌশলী গড়ে ওঠে। এমন আন্তঃবিশ্ববিদ্যালয় আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতার বিনিময়ের সুযোগ তৈরি করে।

দুপুরের বিরতির পর শুরু হয় আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব 'মর্টার কার্যক্ষমতা পরীক্ষা প্রতিযোগিতা'। সিমেন্ট, বালি ও পানির নির্দিষ্ট অনুপাতে মর্টার তৈরি করে শিক্ষার্থীরা তার কার্যক্ষমতা পরীক্ষা করেন। যে দলের মিশ্রণ সবচেয়ে উপযুক্ত ও ব্যবহারযোগ্য ফল দেয়, তারাই বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া বুয়েটের শিক্ষার্থী আবরার মাহমুদ বলেন, ‘আমি আগেও চুয়েটে এসেছি। তবে এবার মর্টার প্রতিযোগিতায় অংশ নিতে এসে অভিজ্ঞতাটা আরও সমৃদ্ধ হয়েছে।’

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় টেকসই নির্মাণসামগ্রী নিয়ে বিশেষ সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব। এতে অংশ নেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক আ.ফ.ম সাইফুল আমিন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশকৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমেদ।

দিনের শেষভাগে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গবেষণা ও উদ্ভাবনী ভাবনা উপস্থাপন করেন। 

আয়োজকদের পক্ষ থেকে এসিআই চুয়েট শাখার সভাপতি আসহাব লাবিব বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন একে অপরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছে, তেমনি বাস্তব প্রকৌশল সমস্যার সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ তৈরি হচ্ছে।

চুয়েট এসিআই এর অনুষদ উপদেষ্টা অধ্যাপক জিএম সাদিকুল ইসলাম বলেন, এই ধরনের আয়োজন সারাদেশজুড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে।