রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (২৪) নামের এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তিনি একাধারে কলেজশিক্ষার্থী ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। মাত্র দেড় মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এক নাম্বার এলাকার কুড়িল বিশ্বরোডে এই দুর্ঘটনা ঘটে।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইমন মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকায় থাকতেন। তিনি পেশায় একটি চশমার দোকানের কর্মচারী ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমুলকান্দি এলাকায়। বাবার নাম মো. টিপু সুলতান।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে কুড়িল বিশ্বরোড এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা ইমনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে দুর্ঘটনার খবর পেয়ে ইমনের পরিবারের সদস্যরা কুর্মিটোলা হাসপাতালে ছুটে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর বিকেল পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা টিপু সুলতান কান্নাজড়িত কণ্ঠে জানান, মাত্র দেড় মাস আগে আমার ছেলে বিয়ে করেছিল। এখনো পুত্রবধূকে আনুষ্ঠানিকভাবে নিজেদের বাসায় উঠিয়ে আনা হয়নি। তার আগেই ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল।
পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।