শ্যামপুরে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামপুরে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

 

রাজধানীর শ্যামপুরের মীরহাজিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদহটি উদ্ধার করেন। নিহত এনামুল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে একাদশ-দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শ্যামপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়তলার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এনামুলকে দেখতে পায়।

পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মামাতো ভাই আল আমিন জানান, এনামুল কিছুদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন এবং সামান্য বিষয়েও হঠাৎ রেগে যেতেন।

শনিবার দুপুর ১২টার দিকে পরিবারের অগোচরে নিজের কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে।

এনামুল হক বিজয়ের বাড়ি বরিশালের কাজিরহাট থানার চুনারচর গ্রামে। তিনি শ্রমিক মো. শাহজাহান হাওলাদারের ছেলে।

পরিবারের সঙ্গে শ্যামপুরের মীরহাজিরবাগ পাইব রোড এলাকার একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় ভাড়া বাসায় বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।