মেসিদের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুললেন ব্রাজিল কোচ

মেসিদের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুললেন ব্রাজিল কোচ

ছবি: সংগৃহীত

মরক্কোর সঙ্গে ড্র করে কিছুটা চাপে পড়েছিল ব্রাজিল। কিন্তু হাইতিকে সহজেই ৩-০ গোলে হারিয়ে সেই চাপ অনেকটাই কাটিয়ে উঠল সেলেসাওরা। ‘সি’ গ্রুপের এই ম্যাচে জয়ের পর কোচ কার্লো আনচেলত্তি দলের পারফরম্যান্সের চেয়ে বিশ্বকাপের সামগ্রিক ছবি নিয়ে বেশি আলোচনা করলেন।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি সরাসরি আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “আর্জেন্টিনা উচ্চ তীব্রতার ফুটবল খেলে না। তারা খেলা ভালোভাবে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই টুর্নামেন্টে এমন অনেক দল উঠে এসেছে যারা আক্রমণাত্মক ও তীব্র ফুটবল খেলছে। তাদের রক্ষণও খুব শক্তিশালী।”

আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই দারুণ ফর্মে আছে। এবারও তারা ফেভারিটদের তালিকায় শীর্ষে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শুরু করেছে তারা। মেসি একাই সব তিনটি গোল করে হ্যাটট্রিক করেছেন এবং বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন।

তবে আনচেলত্তি মনে করেন, এবারের বিশ্বকাপে শুধু একজন তারকার ওপর ভরসা করে চ্যাম্পিয়ন হওয়া কঠিন। তাঁর মতে, “এই টুর্নামেন্টে তারকারা নির্ধারক হবে না। উচ্চ তীব্রতা ও দলগত লড়াইয়ের ওপরই সবকিছু নির্ভর করবে।”

ব্রাজিলের এই জয়ে ম্যাথেউস কুনহা দুটি গোল করেন এবং ভিনিসিয়ুস জুনিয়র একটি গোল যোগ করেন। এই জয়ের ফলে হাইতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।