সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফোরকানিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ও নগদ অর্থের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (২০ জুন) ভোররাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মুদি ব্যবসায়ী লেবু মিয়া। তার প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া আজিজুর রহমানের মুদি ও ভ্যারাইটিজ দোকানে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যান্য দোকান মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকার বেশি হতে পারে বলে দাবি তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের কয়েকটি মুদি, ওষুধ, কাঁচামাল, টেলিকম ও কনফেকশনারির দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের পাশাপাশি আশপাশের কয়েকটি ঘরবাড়িও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়দের দাবি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, ধানের খড় শুকানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের সন্দেহ, ওই বিরোধের জেরে কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, এর আগেও তার দোকানে কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এবার আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে। ব্যাংকঋণ পরিশোধ ও পরিবার চালানো নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।

শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তাদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা লিটন বলেন, ভোর ৩টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।