পরিবেশ বাজেটে জবাবদিহিতা নিশ্চিতের দাবি বাপার
সংগৃহীত ছবি
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের পরিবেশ ও জলবায়ু বাজেটে বরাদ্দ বৃদ্ধি হলেও এর কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘পরিবেশ ও জলবায়ু খাত: ২০২৬-২৭ বাজেট বিশ্লেষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বাপা’র সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার। মূল বক্তব্য উপস্থাপন করেন বাপা’র সদস্য ফারহান হোসেন জয়।
ফারহান হোসেন জয় বলেন, বাজেট হচ্ছে রাষ্ট্রের আলোকনির্দেশিকা। বাজেট থেকেই একটি সরকারের রাষ্ট্র বিনির্মাণের সদিচ্ছা প্রতিফলিত হয়। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় নতুন অর্থবছরে পরিবেশ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় ২২ শতাংশ বাড়লেও কঠোর জবাবদিহিতা ছাড়া এ বরাদ্দ কার্যকর হবে না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাষ্ট্রের নিজস্ব ১০০ কোটি টাকার বরাদ্দও অপ্রতুল বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বলেন, আমাদের গতানুগতিক আমলানির্ভর বাজেট পরিকল্পনা থেকে বের হয়ে আসতে হবে। তিনি বরাদ্দের অর্থ দুর্নীতিমুক্তভাবে ব্যয় এবং পরিবেশ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বাজেট প্রণয়নের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বাপা’র সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সভাপতি অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, সহ-সভাপতি জাকির হোসেন, জীবন সদস্য ড. এম এ আব্দুল ওহাব এবং পরিবেশকর্মী হাফিজুল ইসলাম বক্তব্য দেন।
সংবাদ সম্মেলন থেকে পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ ধীরে ধীরে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩ শতাংশে উন্নীত করা এবং উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্পে কার্বন কর আরোপ করে সেই অর্থ পরিবেশ সংরক্ষণে ব্যবহারের সুপারিশ করা হয়।