জনপ্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বিএনপি: ডা. তাহের

জনপ্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বিএনপি: ডা. তাহের

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জনগণ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। কিন্তু বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাদের বিভিন্ন রাজনৈতিক অবস্থান, সিদ্ধান্ত ও কর্মসূচি জনগণের মধ্যে আশার পরিবর্তে হতাশার জন্ম দিয়েছে। 

শনিবার চৌদ্দগ্রাম উপজেলায় একটি রিসোর্টে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতার পরিচয়, আমানতদারি, ত্যাগের মানসিকতা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় সবাইকে আপসহীন থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে কাজ করাই একজন ইসলামী কর্মীর প্রধান দায়িত্ব। সমাজের উন্নয়ন ও জনকল্যাণে জামায়াতের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে একটি সুন্দর ও নিরাপদ চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াসহ অনেকে।

সম্মেলনে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।