ফরিদপুরে শাড়ির গোডাউনে ভয়াবহ আগুন

ফরিদপুরে শাড়ির গোডাউনে ভয়াবহ আগুন

সংগৃহীত

ফরিদপুর শহরে মৌ সুপার মার্কেটের একটি শাড়ির গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে দোকান মালিকের দাবি, আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়।

জানা যায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউমার্কেট এলাকায় মৌ সুপার মার্কেটের তৃতীয় তলার নকশি কাঁথা নামের প্রতিষ্ঠানটির শাড়ি, কাপড় বোরকাসহ বিভিন্ন ধরনের পোশাক ছিল। সন্ধ্যা ৭টার দিকে তৃতীয় তলার ওই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন ব্যবসায়ীরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে ভবনের দেয়াল কেটে তিন তলার ওই গোডাউনে প্রবেশ করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৃতীয় তলায় ওঠার মতো কোনো ব্যবস্থা না থাকায় পরবর্তীতে ওয়াল কেটে ভিতরে প্রবেশ করা হয়। এরপর প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়, যেগুলো সম্পূর্ণ ভালো রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।