শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। শনিবার ভোর রাতে জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) টহল দল নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে বাহিনীটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।