ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে খাদের পানিতে ডুবে তাসফিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (২১ জুন) সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের শৈলকোপা এলাকায় এ ঘটনা ঘটে। তাসফিয়া স্থানীয় ব্যবসায়ী মনজুর হকের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খাদের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দিন জানান, অসাবধানতাবশত বাড়ির পাশের খাদের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।