তৃণমূলে স্বাস্থ্যসেবা বাড়াতে নতুন পদ সৃষ্টির দাবি
সংগৃহীত ছবি
সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ‘উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদ সৃষ্টি করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন।
শুক্রবার রাজধানীর আইএইচটি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে দক্ষ স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো ছাড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া কঠিন। প্রশিক্ষিত ডিপ্লোমা চিকিৎসা পেশাজীবীদের যথাযথভাবে কাজে লাগাতে নতুন এ পদ সৃষ্টি করা প্রয়োজন বলেও তারা মত দেন।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী টি. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। এ ছাড়া জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।