কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন
সংগৃহীত ছবি
কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ফি প্রতি কেজি ৫ টাকা নির্ধারণের দাবিতে দিনাজপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন কৃষক-কৃষাণীরা।
রবিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আলুর মূল্যশৃঙ্খল উন্নয়ন’ নামের একটি স্থানীয় সংগঠনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক আলুচাষি, কৃষক ও কৃষাণী অংশ নেন। এ সময় তাদের হাতে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত ও সংরক্ষণ ব্যয় কমানোর দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
কৃষকদের অভিযোগ, সার, বীজ, সেচ ও শ্রমিক খরচ বৃদ্ধির কারণে আলু উৎপাদনের ব্যয় প্রতিবছরই বাড়ছে। এর সঙ্গে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া যুক্ত হওয়ায় তারা চরম আর্থিক চাপে পড়েছেন। সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কৃষক ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের ভাষ্য, চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে ১২ থেকে ১৪ টাকা পর্যন্ত খরচ হয়েছে। আগাম বৃষ্টিতে অনেক কৃষকের আলু জমিতেই নষ্ট হয়েছে। এর মধ্যেই গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হারে কোল্ড স্টোরেজ ভাড়া বাড়ানো হয়েছে। দুই বছর আগে যেখানে প্রতি কেজি আলু সংরক্ষণে ৫ টাকারও কম ভাড়া নেওয়া হতো, সেখানে এবার আদায় করা হচ্ছে ৮ টাকা। এছাড়া সংরক্ষণের জন্য ব্যবহৃত বস্তার দাম ৬০-৬৫ টাকা থেকে বেড়ে ১২০ থেকে ১৪০ টাকায় উন্নীত হয়েছে।
কৃষকদের দাবি, অতিরিক্ত ভাড়ার কারণে আলু সংরক্ষণ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। দ্রুত ভাড়া কমিয়ে প্রতি কেজি ৫ টাকা নির্ধারণ না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন কৃষক নেতা ইমতিয়াজ আহমেদ, গোলাম ইসকান্দারসহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা। তারা কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।