মেসির ছবি এঁকে প্রশংসা কুড়াচ্ছে অভিনেতা চঞ্চল চৌধুরী
ছবিঃ সংগৃহীত।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে শোবিজ তারকাদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা। এবার আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির একটি নিখুঁত স্কেচ এঁকে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিশেষ স্কেচটি শেয়ার করেন চঞ্চল চৌধুরী নিজেই।
পোস্টের ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব-এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’
স্কেচটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভক্ত-সমর্থকরা প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেতাকে। পোস্টের মন্তব্যে কেউ লিখেছেন, ‘আপনি দুই বাংলার খ্যাতিমান অভিনেতা, পাশাপাশি একজন প্রতিভাবান চিত্রশিল্পীও।’ আবার কেউ তুলনা টেনেছেন, ‘মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে।’
চঞ্চল চৌধুরী অভিনয়ের পাশাপাশি গান ও চিত্রাঙ্কনেও সমানভাবে দক্ষ। সামাজিক মাধ্যমে প্রায়ই তার আঁকাআঁকির চিত্র দেখা যায়।