নেত্রকোনায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি
নেত্রকোনার কলমাকান্দায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জুন) রাত ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান ওই গ্রামের মৃত আবাল হোসেন খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় হঠাৎ শর্টসার্কিটের ঘটনায় বাচ্চু খান বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, বাচ্চু খানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে। কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।