ইলিশা নদীতে চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজ আটক
প্রতিকি ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইলিশা নদীতে চলাচলকারী নৌযান থেকে চাঁদা আদায়ের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে নৌ-পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার সাদেকপুর সংলগ্ন ইলিশা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার কালুপুর গ্রামের সজীব বেপারী (২৮) এবং মাইনউদ্দিন মাঝি (৩৫)।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মেঘনা ও ইলিশা নদীপথে চলাচলকারী বিভিন্ন পণ্যবাহী নৌযান থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায়ের অভিযোগ ছিল।
এরই পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি বাল্কহেড থেকে এক হাজার টাকা চাঁদা নেওয়ার সময় সজীব বেপারী ও মাইনউদ্দিন মাঝিকে হাতেনাতে আটক করা হয়।
কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনায়েত হক জানান, আটক দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এর আগেও একই ধরনের অভিযোগে পাঁচজন চাঁদাবাজকে আটক করা হয়েছিল। নদীপথে চাঁদাবাজি প্রতিরোধে নৌ-পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।