ঝটিকা মিছিলের প্রস্তুতি, ধানমন্ডিতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
প্রতিকি ছবি
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বাড়ৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালী (২৮), অশোক ঢালী (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।
সোমবার সকাল ৬টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সম্বলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।