ভাঙ্গায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
প্রতিকি ছবি
ফরিদপুরের ভাঙ্গায় আমির হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোমবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট নেছারিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাদরাসা ছুটির পর তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে উপহার দেওয়ার কথা বলে তার যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সোমবার সকালে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা মাদরাসায় গিয়ে ঘটনার বিচার দাবি করেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।