রাঙ্গামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ গ্রেফতার ১৬
সংগৃহীত
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাঙ্গামাটি শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নুরুল হক (৫২), উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবির (৫২), সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি চম্পক দাশ (৫৪), ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দীন (৪২), মো. জসিম (৩৮), সদস্য মো. ইলিয়াছ (৩৫), লংগদু উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ইসমাইল বেগ (৫৯), ওয়ার্ড শ্রমিক লীগ সদস্য মো. নয়ন (১৯), নানিয়াচর থানা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম মিজান (৪৫), কাপ্তাই ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সাবেক দফতর সম্পাদক মো. রাসেল (৩৮)।
বাকিরা হলেন- শাহাদত হোসেন জীবন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম বাবু (২৪) সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে রিন্টু (২৬), হাফিজুর রহমান (২৯)।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ‘রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় আমার নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম রাঙ্গামাটি জেলার কোতোয়ালি থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী, দাঙ্গাবাজ, মাদক কারবারিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।’
অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিধি মোতাবেক মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।’