আর্জেন্টিনার টানা জয়ে বাংলাদেশের সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস

আর্জেন্টিনার টানা জয়ে বাংলাদেশের সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস

সংগৃহীত

এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে দলটি। প্যানাল্টি মিস করলেও লিওনেল মেসির পায়ের জাদুতে ২-০ গোলে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

এদিকে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ও যেন একখণ্ড বুয়েন্স আয়ার্স। যার প্রাণ রোজারিও কিংবা লানুস হচ্ছে টিএসসি, মহসিন হলের মাঠ কিংবা ভিসি চত্বর। বড় পর্দায় খেলা দেখতে উন্মুক্ত ময়দানে আকাশীদের ঢল নামে।

শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেকেই। মহসিন হলের মাঠে বসে উন্মাদনায় অংশ নেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্শাল কার্লোস সেসাও। তার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তাসহ আর্জেন্টিনা থেকে আসা মেসির বন্ধু ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। 

জুয়েল নামে এক ভক্ত বলেন, ‘মেসি প্যানাল্টি মিস করায় মন খারাপ হয়েছিল। কিন্তু পরে দুটি গোল দেয়ায় আনন্দ আর থামায় কে।’

রিমি নামে এক তরুণী বলেন, ‘দুর্দান্ত খেলেছেন মেসি। আমরাই বিশ্বকাপ নেব। আর ব্রাজিল সমর্থকরা নক আউটেই হারিয়ে যাবে।’

উত্তেজনা ঠাসা, আক্রমণ পাল্টা আক্রমণে আর্জেন্টিনার টানা জয় ও মেসির জোড়া গোলে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। আর ফুটবল সংস্কৃতির রীতি মেনে আর্জেন্টাইনরা খোঁচা দিতে ভোলেনিন ব্রাজিলপন্থিদেরও।

এদিকে, ঢাকার বাইরেও বড় পর্দায় খেলা উপভোগ করেছেন ফুটবল ভক্তরা। সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় খেলা দেখেন আর্জেন্টাইন প্রতিনিধিরা। বাংলাদেশের এই ফুটবল উন্মাদনায় রীতিমতো মুগ্ধ আর্জেন্টিনা।