গাইবান্ধার হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে উদ্বেগ

গাইবান্ধার হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে উদ্বেগ

সংগৃহীত

জাতীয় সংসদে গাইবান্ধার সাম্প্রতিক একটি হত্যাকাণ্ড এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ‘পয়েন্ট অব অর্ডারে’ দাঁড়িয়ে তিনি বলেন, ‍‍‍“গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে একটি স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।” তিনি দাবি করেন, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে ওই যুবক হামলার শিকার হন।

রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, “ঘটনার পর সুনির্দিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করে মামলা করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।”

তিনি আরো বলেন, “দেশে সাম্প্রতিক সময়ে একাধিক সহিংস ঘটনার উদাহরণ উঠে এসেছে। এর মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনার পাশাপাশি গাইবান্ধার ঘটনাটিও গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। একটি পৃথক ঘটনায় একজন সংসদ সদস্যের পুত্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ও পরবর্তী সময়ে মুক্তির বিষয়টিও জনমনে প্রশ্ন তৈরি করেছে।”

রফিকুল ইসলাম খান বলেন, “খুনি কোনো দলের নয়, খুনি খুনিই। যে-ই জড়িত থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গাইবান্ধার ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করা না গেলে জনগণের আস্থা ক্ষুণ্ন হবে।”

সংসদের স্পিকারকে উদ্দেশ করে জামায়াতের এই সংসদ; সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধ করা যায়।