নবীনগরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ধন মিয়া (৭০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ধন মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামের মৃত সোলায়মান মিয়ার ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে শিবপুর বাজারে সবজি বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিবপুর বাজারে সবজি বিক্রি শেষে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন ধন মিয়া। পথে ওয়ারুক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই ক্ষতিগ্রস্ত হয় এবং ধন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে