সিলেট মহানগর বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
ফাইল ছবি
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট থেকে তাকে এ ধরনের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে কী কারণে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই বিষয়ে আমি কিছুই জানি না। এ বিষয়ে আমি থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি।’
এ ব্যাপারে জানতে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে একাধিক ফোন দিলে তিনি রিসিভ করেননি।