চট্টগ্রামে শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণের অপরাধে ভগ্নিপতির যাবজ্জীবন
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ফুচকা খাওয়ানোর কথা বলে ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অপরাধে ভগ্নিপতি ফজলুল করিম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন। বর্তমানে আসামি জামিনে গিয়ে পলাতক। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আকবর আলী বলেন, ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এতে করে আসামিকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই ঘটনায় অপর একটি ধারায় আসামিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ২০২২ সালের ৩১ অক্টোবর শ্যালিকাকে ফুচকা খাওয়ানোর কথা বলে আসতে বলেন ভগ্নিপতি।
সেখান থেকে অপহরণ করে ধর্ষণ করেন। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মোহাম্মদ আলী বাবুল বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।