পতেঙ্গা সৈকতে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪ লাখ ২০ হাজার টাকা

পতেঙ্গা সৈকতে দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪ লাখ ২০ হাজার টাকা

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা করে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নানা অনিয়ম পাওয়া যায়। সেখানে পচা-বাসি খাবার বিক্রি, পোকা-মাকড়ের উপস্থিতি, বিড়ালের অবাধ বিচরণ এবং অনিবন্ধিতভাবে নিম্নমানের খাদ্য উৎপাদনের প্রমাণ মেলে। এ কারণে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইনে চার লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে মানোন্নয়নের লক্ষ্যে জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

একই দিন পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় চাটগাঁও রান্নাঘর নামের প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অবস্থায় ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে হোটেল-রেস্তোরাঁ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তা ফরহান ইসলাম বলেন, নানা অনিয়ম এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণন করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।