চট্টগ্রামে ভেজাল লুব অয়েলসহ কাঁচামাল জব্দ

চট্টগ্রামে ভেজাল লুব অয়েলসহ কাঁচামাল জব্দ

সংগৃহীত ছবি

 চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ভেজাল লুব অয়েল উৎপাদনকারী কারখানায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান চালিয়েছে।

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ভেজাল লুব অয়েল উৎপাদনকারী কারখানায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান চালিয়েছে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। কারখানার কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় নষ্ট ও  ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রামের সমন্বয়ে কারখানাটিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল উৎপাদন ও মজুত করার দায়ে মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা মালামাল ও সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।