ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে থাকছে বর্ণাঢ্য আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে থাকছে বর্ণাঢ্য আয়োজন

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস আগামী ১ জুলাই। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনায় সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। প্রসঙ্গত, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।

দিবসের কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে উপাচার্য ভবন-সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হবেন। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে গিয়ে শেষ হবে।

সকাল ১০টায় পায়রা চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বিভিন্ন হলের পতাকা উত্তোলন করা হবে। এ সময় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশিত হবে। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে টিএসসি মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া, দিবসটি উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে তোরণ নির্মাণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এতে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।