চট্টগ্রামে ২০ বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামে ২০ বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেফতার করেছে করেছে র‌্যাব-৭। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত কামাল সওদাগরের ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, পটিয়া থানার মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারীর মুন্সির মসজিদ এলাকায় অবস্থান করার সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত দুটি পৃথক ধারায় তাকে যথাক্রমে ১২ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং আট বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। সব মিলিয়ে তার ২০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।