চিলমারীতে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারি সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার আলম, মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ১ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এই সহায়তা কৃষকদের রোপা আমন চাষে উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।