সপ্তাহে চারদিন ডেঙ্গুবিরোধী অভিযান
প্রতিকী ছবি
চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জনের আর হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার। এর মধ্যে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন। এমন পরিস্থিতিতে রাজধানীতে সপ্তাহে চারদিন ডেঙ্গুবিরোধী অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
বুধবার (২৪ জুন) রাজধানীর গুলশানে প্রথম দিনের মতো অভিযানে নামে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স কমিটি। এতে নেতৃত্ব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
অভিযানে গুলশানের চয়েস রেস্তোরাঁয় ড্রামে জমিয়ে রাখা পানিতে মেলে এডিসের লার্ভা। ফলে রেস্তোরাঁটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও মালিককে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।এরপর গুলশানের বিভিন্ন ভবন ও স্থাপনা পরিদর্শন করে এডিসের লার্ভা ধ্বংস করা হয়। পাশাপাশি বাসাবাড়িতে বিতরণ করা হয় লার্ভা ধ্বংসকারী ওষুধ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শাহে আলম জানান, সপ্তাহে তিন থেকে চারদিন এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে জমে থাকা পানি পরিষ্কারের আহ্বান জানান তিনি।
এসময় অনেক ভবনে প্রবেশ করতে বাধার মুখে পড়ায় মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস।