মোহাম্মদপুরের ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরের ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

প্রতিকি ছবি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুয়েল (২৫) ও মো. শাকিল (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (তরবারি) উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে জুয়েল ও শাকিলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাবের জানায়, গ্রেপ্তার দুজন মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পাটালী গ্রুপের’ সদস্য।

তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।