অর্থবছরের প্রথম ১১ মাসে এডিপি বাস্তবায়ন ৪৮.২৩ শতাংশ

অর্থবছরের প্রথম ১১ মাসে এডিপি বাস্তবায়ন ৪৮.২৩ শতাংশ

ফাইল ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪৮ দশমিক ২৩ শতাংশ; যা আগের অর্থবছরের তুলনায় কমেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। তবে সম্প্রতি ৩০ হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে জুলাই-মে মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ১ লাখ ৭৬৩ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৪৮ দশমিক ২৩ শতাংশ। 

আইএমইডির ওয়েবসাইটে বিশ্লেষণ করে দেখা যায়, গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ব্যয় হয়েছিল ১ লাখ ১১ হাজার ৫ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৪৯ দশমিক ০৮ শতাংশ।

আর গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৫৭.৫৪ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ৬১.৭৩ শতাংশ ও ২০২১-২২ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৬৪.৮৪ শতাংশ।

এদিকে গত মে মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৬.৮২ শতাংশ বা ১৪ হাজার ২৪৭ কোটি টাকা। আর গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৭.৭৭ শতাংশ।